বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার দুটি রেকর্ড কেউ ভাঙতে পারবে না: মহিউদ্দিন আহমদ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ১১:২০ পিএম

খালেদা জিয়ার দুটি রেকর্ড কেউ ভাঙতে পারবে না: মহিউদ্দিন আহমদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের দুটি অনন্য অর্জনের কথা তুলে ধরেছেন বিশিষ্ট লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক নাগরিক শোকসভায় তিনি বলেন।

খালেদা জিয়ার এমন দুটি রেকর্ড রয়েছে যা বাংলাদেশের ইতিহাসে কেউ ভাঙতে পারবে না। প্রথমটি হলো—তিনি বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী; এবং দ্বিতীয়টি হলো—রাজনীতিতে যোগ দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ নির্বাহী ক্ষমতায় আসীন হওয়া।

মহিউদ্দিন আহমদ খালেদা জিয়ার জীবনকে তিনটি পর্বে ভাগ করেন। প্রথমটি তাঁর উত্থানকাল (১৯৮২-১৯৯০), যখন তিনি একটি বিপর্যস্ত দলকে পুনর্গঠন করে ‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠেন। 

দ্বিতীয় পর্বে তিনি দুই মেয়াদে সরকার পরিচালনা ও বিরোধী দলীয় নেত্রীর ভূমিকা পালন করেন। আর শেষ পর্বে ২০০৭ সাল থেকে তাঁর লড়াই ও ‘ভিক্টিমাইজ’ হওয়ার অধ্যায়। গবেষক মহিউদ্দিনের মতে, মৃত্যুর পর তাঁর প্রতি সাধারণ মানুষের যে বিপুল আবেগ ও ভালোবাসা, তা তাঁর সেই সংগ্রামী ও সহ্যক্ষমতারই প্রতিফলন।বক্তব্যে তিনি বিশেষভাবে খালেদা জিয়ার ‘এলিগেন্স’ বা মার্জিত চরিত্রের প্রশংসা করেন।

 

তিনি আক্ষেপ করে বলেন, "খালেদা জিয়ার সেই মার্জিত রাজনৈতিক চরিত্র এখনকার রাজনীতিতে আর দেখা যায় না।" জালালউদ্দিন রুমির উদ্ধৃতি টেনে তিনি বলেন, মোমবাতির মতো নিজেকে পুড়িয়ে অন্যকে আলো দেওয়ার কাজটি বেগম জিয়া সার্থকভাবে করে গেছেন। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সভায় দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।