রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৬, ১১:০১ এএম

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের ভাগ্য নির্ধারণে আজ অষ্টম দিনের মতো আপিল শুনানি চলছে। আজ শনিবার ১৭ জানুয়ারি সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্টে অবস্থিত অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল নিষ্পত্তি করছেন। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে যেখানে আজ আপিল নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আবেদনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার সপ্তম দিনের শুনানিতে মোট ৪৩টি আবেদন উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা দিয়ে তাদের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। 

অন্যদিকে ১৭টি আপিল আবেদন খারিজ করে দেওয়া হয় এবং মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আরও চারটি আপিল নামঞ্জুর করেছে কমিশন। এছাড়াও জটিলতার কারণে চারটি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারি অর্থাৎ আগামীকাল রোববারই হবে আপিল শুনানির শেষ দিন। সেদিন ৬১১ থেকে শেষ নম্বর পর্যন্ত সব ঝুলে থাকা আবেদন নিষ্পত্তি করা হবে।তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে এই আপিল শুনানি শুরু করেছে যা টানা নয় দিন চলার কথা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি। 

এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন এবং প্রতিটি প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দেবেন। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। সবশেষে ১২ ফেব্রুয়ারি সকাল থেকে দেশের ৩০০টি সংসদীয় আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজকের শুনানি শেষে কতজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সংসদীয় আসনের ভোটার ও সমর্থকরা।