রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাইয়ের খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে: তাজুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৫৩ পিএম

জুলাইয়ের খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে: তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর যারা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড চালিয়েছে, বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা হবে। রোববার মোহাম্মদপুরে শহীদ ফারহান ফাইয়াজ ও মাহমুদুর রহমান সৈকতসহ ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিলের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

তাজুল ইসলাম ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত দিন হিসেবে অভিহিত করে বলেন, মোহাম্মদপুর এলাকা ছিল সেই সময়ের অন্যতম ডেডলিয়েস্ট স্পট যেখানে সরাসরি মাথায় গুলি করে তরুণদের হত্যা করা হয়েছিল।

চিফ প্রসিকিউটর আবেগঘন কণ্ঠে শহীদ সৈকত ও ফাইয়াজের আত্মত্যাগের বর্ণনা দিয়ে বলেন, সৈকতের কপাল ভেদ করে গুলি বেরিয়ে গিয়েছিল এবং হাস্যোজ্জ্বল ফাইয়াজের মৃত্যু পুরো জাতিকে উদ্বেলিত করেছিল। 

তিনি জানান, যারা রাজপথে সরাসরি হত্যাকাণ্ড চালিয়েছে এবং যারা নেপথ্যে মাস্টারমাইন্ড বা নির্দেশদাতা হিসেবে ছিল, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। তদন্ত সংস্থা ইতোমধ্যে যাবতীয় তথ্য-প্রমাণ ও এভিডেন্স আদালতে দাখিল করেছে এবং আদালত অভিযোগ আমলে নিয়েছে।

 আগামী ২৯ জানুয়ারি পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোনো খুনিই পার পাবে না বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।