রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অর্থনীতি আইসিইউ থেকে এখন কেবিনে: অর্থ উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০২:৩২ পিএম

অর্থনীতি আইসিইউ থেকে এখন কেবিনে: অর্থ উপদেষ্টা

দেশের ভঙ্গুর অর্থনীতি এখন স্থিতিশীলতার পথে রয়েছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিগত সময়ে ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি খাদের কিনারায় পড়ে গিয়েছিল। 

আমাদের দেড় বছরের প্রচেষ্টায় সেই অর্থনীতি এখন আইসিইউ (ICU) থেকে কেবিনে স্থানান্তরিত হয়েছে।উপদেষ্টা ড. সালেহউদ্দিন অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতির উদাহরণ দিতে গিয়ে জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। 

তিনি উল্লেখ করেন যে, খাদের কিনারা থেকে অর্থনীতিকে তুলে আনা বর্তমান সরকারের একটি বড় সাফল্য। এখন এই স্থিতিশীলতাকে টেকসই করতে এবং বিচার বিভাগের স্বাধীনতা ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। 

এই সংস্কারগুলো স্থায়ী রূপ দিতেই আসন্ন গণভোটে ‍‍`হ্যাঁ‍‍` এর পক্ষে রায় দিতে তিনি জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "এখন আর কোনো রাজনৈতিক চাপ নেই। টাকা ছড়িয়ে কোনো বিশেষ দলের ক্ষমতায় আসার সুযোগ নেই। আমরা চাই ভালো, ত্যাগী এবং জনদরদি মানুষ নেতৃত্বে আসুক।" তিনি আশা প্রকাশ করেন যে, সাধারণ মানুষের সহযোগিতায় একটি সুষ্ঠু ও প্রভাবমুক্ত ভোট সম্পন্ন হবে।

এর আগে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। বক্তব্য শেষে উপদেষ্টা মহোদয় গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত নতুন ভোটারদের সাথে কথা বলেন।