জানুয়ারি ২২, ২০২৬, ০৩:৪৫ পিএম
নির্বাচনি প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়ে কঠোর অবস্থানে নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় যে, নির্বাচনি প্রচারের সময় কিছু ব্যক্তি বা গোষ্ঠী ভোটারদের এনআইডি সংগ্রহ করছে যা কমিশনের নজরে এসেছে।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন অনুযায়ী, অন্য কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বহন করা বা হস্তান্তর করা একটি গুরুতর অপরাধ এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে।
নির্বাচন কমিশন আরও স্পষ্ট করেছে যে, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৬’ অনুযায়ী কোনো প্রার্থী বা তাদের সমর্থক নির্বাচনি এলাকায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে পারবেন না।
এমনকি ভোটারদের কোনো ধরনের আর্থিক বা বৈষয়িক সুবিধার প্রতিশ্রুতি দেওয়াও আইনত দণ্ডনীয়। ইসি জানিয়েছে, এ ধরনের কার্যক্রম নির্বাচনি স্বচ্ছতাকে ব্যাহত করে এবং ভোটারদের প্রভাবিত করার শামিল। তাই সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনি তফশিল ঘোষণার পর থেকেই আচরণবিধি প্রতিপালনে কমিশন মাঠ পর্যায়ে নজরদারি বৃদ্ধি করেছে। নির্বাচন কমিশন সকল নাগরিক ও সংগঠনকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে, বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনি মাঠের নিরপেক্ষতা বজায় রাখতে এবং ভোটারদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনের এই সতর্কবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন