জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:০৪ পিএম
সংবিধানের বিদ্যমান মারাত্মক দুর্বলতা দূর করে ক্ষমতার ওপর একক ব্যক্তির কর্তৃত্ব অবসান ঘটাতেই জুলাই সনদ এবং গণভোটের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ড. আলী রীয়াজ। আজ শনিবার সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন স্বাধীনতার পর থেকে বারবার দেশটাকে এক ব্যক্তির মর্জির ওপর ছেড়ে দেওয়া হয়েছিল।
এই ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমেই কেবল ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব।ড. আলী রীয়াজ বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ ৯ মাস আলাপ-আলোচনা করে জুলাই সনদ তৈরি করা হয়েছে।
যেখানে সংবিধানে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার কথা উল্লেখ করে বলেন বর্তমানে প্রধানমন্ত্রীর ইচ্ছায় দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করার সুযোগ রয়েছে যা অতীতে ভয়াবহভাবে অপব্যবহার করা হয়েছে।
জুলাই সনদে বিধান রাখা হয়েছে যে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি কাউকে ক্ষমা করতে পারবেন না। এই আমূল পরিবর্তন বাস্তবায়নে জনগণের সরাসরি রায় বা গণভোটের কোনো বিকল্প নেই।নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনি বলেন বিগত তিনটি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মতামতের তোয়াক্কা না করে প্রধানমন্ত্রীর একক ইচ্ছায় নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি শেখ হাসিনাকে আজীবনের প্রধানমন্ত্রী করার চক্রান্তও করা হয়েছিল।
এসব অনাচার ভবিষ্যতে রোধ করতে রাজনৈতিক দলগুলো এক ব্যক্তির প্রধানমন্ত্রিত্বের মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমিত করার বিষয়ে একমত হয়েছে। গণভোটে জনগণ হ্যাঁ-সূচক রায় দিলেই কেবল এটি সাংবিধানিক রূপ পাবে। জুলাই সনদ বাস্তবায়িত হলে বর্তমান সরকারের কারও ব্যক্তিগত লাভ নেই বরং পরবর্তী নির্বাচিত সরকারই এর সুফল ভোগ করবে।
সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম নিয়ে ছড়ানো অপপ্রচারের জবাব দিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন জুলাই সনদে রাষ্ট্র ব্যবস্থার ৮৪টি বিষয়ে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। কিন্তু এর কোনো স্থানেই বিসমিল্লাহ মহান আল্লাহর ওপর আস্থা বা রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কথা বলা হয়নি। যারা এসব বলছেন তারা মূলত অপপ্রচার চালাচ্ছেন। সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে এই সম্মেলনে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন