রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলের সুস্পষ্ট রোডম্যাপ চাই: রিজওয়ানা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ১১:২৩ পিএম

পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলের সুস্পষ্ট রোডম্যাপ চাই: রিজওয়ানা

পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট রোডম্যাপ ও বাস্তবায়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সমাধানের যে প্রক্রিয়া শুরু করেছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের। 

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন পরিবেশ দূষণরোধে নির্বাচিত সরকারকে সবসময় জবাবদিহিতার আওতায় রাখতে হবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের সময় তার মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান বায়ু দূষণ ও শব্দ দূষণ রোধে বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে সাভার এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ঘুষের সংস্কৃতি বন্ধ হওয়ায় এবার কার্যকরভাবে অবৈধ ইটভাটা বন্ধ করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমরা ইটভাটার সংখ্যা ১০৬টি থেকে কমিয়ে ৩০টিতে নামিয়ে এনেছি। এছাড়া গাড়ির কালো ধোঁয়া বন্ধে একটি আধুনিক স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা হয়েছে যা বাস্তবায়ন করা জরুরি।অনুষ্ঠানে জানানো হয় বায়ুদূষণ রোধে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে হাজার কোটি টাকার প্রকল্প একনেকে পাস করা হয়েছে। 

শব্দদূষণ রোধে শব্দদূষণ বিধিমালা ২০২৫ এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণে আলাদা বিধিমালা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। উপদেষ্টা জানান সরকারের কঠোর অবস্থানের কারণে দখলকৃত হাজার হাজার একর বনভূমি উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ঢাকার নদী ও খালগুলো নিয়ে ছোট ছোট কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে সাফল্য এসেছে বলে তিনি দাবি করেন। তিনি তরুণদের আশাহত না হয়ে পদ্ধতিগতভাবে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।