সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি, প্রজ্ঞাপন জারি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৫১ পিএম

অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি, প্রজ্ঞাপন জারি

প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের মোট ১১৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনে সই করেছেন। 

পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আবারও আগের কর্মস্থলেই (ইন-সিটু) পদায়ন করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কারো বর্তমান কর্মস্থল বা দপ্তর ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তিনি বর্তমানে যেখানে কর্মরত আছেন সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলের মাধ্যমে তাদের যোগদানপত্র পাঠাতে পারবেন। 

নতুন এই ১১৮ জনকে নিয়ে দেশে বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৩ জনে। তবে অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা মাত্র ২১২টি হওয়ায় পদোন্নতি পাওয়া অধিকাংশ কর্মকর্তাকেই তাদের পূর্বের পদের দায়িত্ব পালন করতে হবে।এই পদোন্নতিকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ২০তম ব্যাচের কর্মকর্তাদের বড় একটি অংশ পদোন্নতি পেলেও যোগ্যতা থাকা সত্ত্বেও প্রায় দুই শতাধিক কর্মকর্তা এই তালিকা থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ উঠেছে। 

সচিবালয় সূত্রে জানা গেছে, যারা বিগত সরকারের আমলে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন কিংবা রাজনৈতিকভাবে লাভবান হয়েছেন, তাদের একটি বড় অংশকে পদোন্নতির তালিকায় রাখা হয়নি। দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। উল্লেখ্য, পদোন্নতির আদেশে আরও বলা হয়েছে যে, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো নেতিবাচক তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।