রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ১১:৩৫ পিএম

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে তার দায় কেন আওয়ামী লীগের ওপর বর্তাবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের যৌক্তিকতা তুলে ধরেন।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্য ‘নির্বাচন বানচালে সহিংস উসকানি’ হিসেবে গণ্য হচ্ছে। এই বক্তব্যের সূত্র ধরে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, "নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, তারা প্রত্যেকেই তাদের নির্বাচনি কার্যক্রমে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন।

 কাজেই যদি কোনো গণ্ডগোল হয়, তবে তা যারা নির্বাচনে অংশ নিচ্ছেন না বা নিতে পারছেন না, তাদের দ্বারাই হওয়ার সম্ভাবনা বেশি। মূলত এই কারণেই দায়ভারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।"

উপদেষ্টা আরও স্পষ্ট করেন যে, সরকার নিশ্চিতভাবে বলছে না যে সহিংসতা হবেই, তবে একটি প্রবল আশঙ্কা রয়েছে। যেকোনো ধরনের অপচেষ্টা নস্যাৎ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তৌহিদ হোসেনের মতে, যারা মাঠের নির্বাচনে নেই, তারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ সরকার গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ওই বক্তব্যটি বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাত এবং আসন্ন জাতীয় নির্বাচন ভন্ডুল করার উদ্দেশ্যে দেওয়া একটি সরাসরি উসকানি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ নেতৃত্বের সাম্প্রতিক এসব উসকানিমূলক কর্মকাণ্ডই প্রমাণ করে কেন দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে সরকার বাধ্য হয়েছে। তাই নির্বাচনের দিন বা এর আগে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট সংগঠন হিসেবে আওয়ামী লীগকেই দায়ী করা হবে।