রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রেসকে ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশ ইসির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:১১ পিএম

প্রেসকে ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশ ইসির

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচারণায় পোস্টারের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে দেশের সকল প্রিন্টিং প্রেস বা ছাপাখানাকে নির্বাচনি পোস্টার মুদ্রণ না করার জন্য নির্দেশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সকল রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে ইসি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২ শাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই চিঠিটি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর বিধি-৭(ক) অনুযায়ী, নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।আচরণ বিধিমালার এই কঠোর নির্দেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো প্রার্থী বা রাজনৈতিক দল এই বিধির লঙ্ঘন করতে না পারে। 

একই সাথে স্থানীয় পর্যায়ে সকল প্রিন্টিং প্রেস মালিকদের ডেকে বা বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনি পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকার নির্দেশ দিতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করে কোনো প্রেস পোস্টার মুদ্রণ করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।উল্লেখ্য, এবারের নির্বাচনে পরিবেশ সুরক্ষা ও শহরকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে পোস্টার নিষিদ্ধ করা হলেও প্রার্থীরা সর্বোচ্চ ১৬ ফুট বাই ৯ ফুট মাপের ২০টি রঙিন বিলবোর্ড ব্যবহারের সুযোগ পাবেন। 

এছাড়া কালো-সাদা রঙের ব্যানার ও লিফলেট ব্যবহারের সুযোগ থাকলেও কাগজের পোস্টার বা দেয়ালে সাঁটানো সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে। নির্বাচন কমিশন মনে করছে, পোস্টার নিষিদ্ধ করার ফলে নির্বাচনি ব্যয় যেমন কমবে, তেমনি নির্বাচনের পর বর্জ্য ব্যবস্থাপনার সংকটও তৈরি হবে না।