রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা চায় সিইসি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:২৬ পিএম

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা চায় সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজ স্বচ্ছ ও সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের শীর্ষ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, “সাংবাদিকরা যদি মাঠ পর্যায়ে যথাযথভাবে পর্যবেক্ষণ করেন, তবেই নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত হবে। আমরা চাই সাংবাদিকরা কমিশনের সহযোগী হয়ে কাজ করুক।

বৈঠকে সাংবাদিক নেতারা নির্বাচনি সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বর্তমান ‘সাংবাদিক নীতিমালা’র কঠোরতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা নীতিমালার বিতর্কিত ধারাগুলো সংশোধন এবং ভোট পর্যবেক্ষণের জন্য অনলাইন আবেদন পদ্ধতি বাতিল করে সরাসরি বা সহজ পদ্ধতিতে ‘পাস’ বা পরিচয়পত্র দেওয়ার দাবি জানান।

 নেতারা অভিযোগ করেন, বর্তমান জটিল পদ্ধতির কারণে অনেক পেশাদার সাংবাদিক সঠিক সময়ে অনুমতি পাচ্ছেন না, যা অবাধ তথ্যপ্রবাহে বাধা সৃষ্টি করছে।

সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে আল্টিমেটাম দিয়ে বলা হয়, আগামী রোববারের মধ্যে যদি নীতিমালা সংশোধন ও কার্ড ইস্যু করার পদ্ধতি সহজ না করা হয়, তবে সাংবাদিক সমাজ এই নির্বাচন কাভার করবে কি না—তা নতুন করে ভেবে দেখবে। সাংবাদিকদের এই হুঁশিয়ারির প্রেক্ষিতে সিইসি আশ্বাস দিয়ে বলেন, কমিশন সাংবাদিকদের কাজকে বাধাগ্রস্ত করতে চায় না বরং আরও সহজ করতে চায়। তিনি দ্রুত সময়ের মধ্যে নীতিমালা পর্যালোচনার আশ্বাস দেন।

বৈঠকে নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিব এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে এবার সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য কঠোর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যা নিয়ে শুরু থেকেই সংবাদকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।