রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাইকোর্টে রিট হলেও পেছাচ্ছে না ৫০তম বিসিএস

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:৪৯ পিএম

হাইকোর্টে রিট হলেও পেছাচ্ছে না ৫০তম বিসিএস

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হলেও নির্ধারিত সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) যথাসময়েই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পিএসসির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চার প্রার্থীর করা রিটের বিপরীতে পিএসসির আইনি কর্মকর্তারা আদালতে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রিটের কারণে পরীক্ষা পেছানোর কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। কমিশন তাদের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী পরীক্ষা গ্রহণে অনড়।

৫০তম বিসিএসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

পরীক্ষার তারিখ ও সময়: ৩০ জানুয়ারি ২০২৬; সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

মোট আবেদনকারী: ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন (বিগত কয়েক বছরের তুলনায় কম)।

মোট পদ সংখ্যা: ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ২,১৫০ জন।

ক্যাডার পদ: ১,৭৫৫টি (সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে)।

অন্যান্য ক্যাডার: প্রশাসনে ২০০ জন এবং পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন।

উল্লেখ্য, এবারের প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলিতে ৫ নম্বর করে কমিয়ে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি এবং নৈতিকতা বিষয়ে ৫ নম্বর করে বাড়ানো হয়েছে। পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি শেষ হওয়ার পরপরই দ্রুততম সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।