জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:৩৬ পিএম
দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম ফ্লাইট (বিজি-৩৪১) ১৫০ জন যাত্রী নিয়ে করাচির উদ্দেশ্যে ডানা মেলে। এর মাধ্যমে ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া রুটে পুনরায় সরাসরি আকাশপথের যোগাযোগ স্থাপিত হলো।
এ উপলক্ষ্যে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “এই রুটটি চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষার বিস্তার এবং সাংস্কৃতিক মেলবন্ধন সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিমানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোঃ সাফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার রাত ৮টায় ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট (বিজি-৩৪২) করাচি থেকে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
১ হাজার ৪৭১ মাইল দীর্ঘ এই রুটে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। সরাসরি ফ্লাইট চালুর ফলে ট্রানজিট ছাড়াই মাত্র ৩ ঘণ্টায় যাতায়াত সম্ভব হবে, যা যাত্রীদের সময় ও খরচ উভয়ই বাঁচাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন