রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:৫৭ পিএম

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের ভোটাধিকারে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের মধ্যে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান প্রবাসীদের পাঠানো এই ব্যালটগুলো নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।সালীম আহমাদ খান জানান মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। 

এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ইতিমধ্যে তাদের ভোটদান সম্পন্ন করেছেন। প্রবাসীদের মধ্যে ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন যার মধ্য থেকে ৬ হাজার ৪২টি ব্যালট ইতিমধ্যে সরাসরি রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। 

এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে প্রবাসীরা এবার দেশের জাতীয় রাজনীতি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ নিতে অত্যন্ত আগ্রহী।বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত পোস্টাল ভোটারদের ক্ষেত্রেও একই ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের তথ্যমতে দেশের ভেতরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত দেশের ভেতরে ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন যার মধ্যে ৯৬ হাজার ৬৩২ জন ভোট দিয়েছেন। 

এদের মধ্যে ৭০ হাজার ৮১০ জন তাদের ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩ হাজার ৬৫৫টি ব্যালট সংগ্রহ করেছেন। উল্লেখ্য যে এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন যা একটি নতুন রেকর্ড।