রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:২৮ পিএম

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার

ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমের একটি অংশের দায়িত্বহীন সংবাদ প্রচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দেশের সংবাদমাধ্যমগুলোর প্রতি সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও বেশি সজাগ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। 

তিনি উল্লেখ করেন যে গত দেড় বছরে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করলেও মৌলিক তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বড় ধরনের অবহেলা দেখা যাচ্ছে যা অত্যন্ত হতাশাজনক। বিশেষ করে গত শুক্রবারের ঘটনায় ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লাহ আল জাবেরের গুলিবিদ্ধ হওয়ার সংবাদটি কোনো ধরনের নির্ভরযোগ্য উৎস ছাড়াই ফলাও করে প্রচার করা হয়েছে। 

প্রেস সচিব জানান যে জাবেরকে হাসপাতালে নেওয়ার সময় তার ব্যক্তিগত আইডি থেকে গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়ানো হয় যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। দুর্ভাগ্যজনকভাবে দেশের বড় বড় অনেক টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র সেই ফেসবুক পোস্টকেই চূড়ান্ত সত্য ধরে নিয়ে ফটোকার্ড ও শিরোনাম তৈরি করে। 

অথচ ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে ওই দিন কোনো গুলি ছোড়া হয়নি এবং জাবেরসহ কোনো আন্দোলনকারী গুলিবিদ্ধ হননি। শফিকুল আলম সতর্ক করে বলেন যে একটি ভুল সংবাদ সমাজে ভয়াবহ দাঙ্গা ও সহিংসতা উসকে দিতে পারে। শুধু ক্লিকবেইটের আশায় সংবাদের সত্যতা বিসর্জন দেওয়া দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় নয়। 

তিনি মনে করেন সাংবাদিকরা অন্যদের জবাবদিহির কথা বললেও নিজেদের ক্ষেত্রে অপেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন যা কাম্য নয়। সাংবাদিকতা একটি গুরুদায়িত্ব এবং একে জনকল্যাণে সঠিকভাবে ব্যবহার করা উচিত বলে তিনি মন্তব্য করেন। সবশেষে তিনি ভবিষ্যতে এমন স্পর্শকাতর তথ্য প্রচারের আগে গণমাধ্যমকে অবশ্যই তথ্যের সত্যতা নিশ্চিত করার বিনীত অনুরোধ জানিয়েছেন।