ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:০২ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে যান চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বিশেষ করে, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল চলাচলের ওপর টানা ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি দিনভর ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রাখা হয়েছে। দূরপাল্লার যাত্রী পরিবহন, বিদেশগামী বা বিদেশফেরত যাত্রী (পাসপোর্ট ও টিকিট প্রদর্শন সাপেক্ষে), এবং জরুরি পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, সংবাদপত্র বহনকারী যানবাহন, জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহকারী গাড়ি, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ ও টেলিযোগাযোগ (বিটিআরসি লাইসেন্সধারী) সেবায় নিয়োজিত যানবাহনগুলো চলাচলের সুযোগ পাবে।
এছাড়া অনুমতিপ্রাপ্ত সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি বিশেষ স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে। পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা চাইলে এই বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন