শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

ডিএনসিসি প্রশাসক এজাজকে সরিয়ে দেওয়া হলো

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:০৯ পিএম

ডিএনসিসি প্রশাসক এজাজকে সরিয়ে দেওয়া হলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আনা হয়েছে। বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এই নির্দেশনায় ডিএনসিসির নতুন প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‍‍`স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪‍‍` এর ২৫ক ধারার উপধারা (১) অনুযায়ী জনস্বার্থে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান এখন থেকে ডিএনসিসি মেয়রের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

তিনি তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নতুন দায়িত্ব সামলাবেন। জনসেবা ও সিটি করপোরেশনের প্রশাসনিক কাজে গতি আনতেই এই রদবদল করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এক বছরের মাথায় তাকে সরিয়ে প্রশাসনের একজন দক্ষ কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হলো। নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান আজ থেকেই তার দাপ্তরিক কাজ শুরু করবেন বলে আশা করা হচ্ছে।