রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৩ আসনের জরিপ প্রকাশ: কোথায় কে এগিয়ে, জানাল সোচ্চার

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৫৬ পিএম

১৩ আসনের জরিপ প্রকাশ: কোথায় কে এগিয়ে, জানাল সোচ্চার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপের মধ্যেই ঢাকার চারটি হাই-প্রোফাইল আসনের পর এবার দেশের আরও ১৩টি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ‘সোচ্চার’। মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই জরিপের বিস্তারিত তথ্য তুলে ধরে যা রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

এই জরিপে মূলত ‍‍`রিভিল্ড ভোট‍‍` বা ভোটারদের সরাসরি প্রকাশিত মতামতের ওপর ভিত্তি করে বিভিন্ন দলের প্রার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে উল্লেখ করেছে ।

এখনো ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা ‍‍`আনডিসাইডেড‍‍` অবস্থায় আছেন। তাই নির্বাচনের চূড়ান্ত ফলাফলে যেকোনো সময় বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং এই দোদুল্যমান ভোটাররাই শেষ পর্যন্ত জয়-পরাজয়ের মূল চাবিকাঠি হিসেবে ভূমিকা রাখবেন।

জরিপের ফলাফলে দেখা গেছে চট্টগ্রাম-১০ আসনে বিএনপি তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে যা দলটির জন্য বেশ ইতিবাচক। অন্যদিকে কুমিল্লার রাজনীতিতে বেশ সমানে সমানে লড়াইয়ের আভাস পাওয়া গেছে। কুমিল্লা-৯ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে যেখানে জামায়াত মাত্র ৩ শতাংশ ভোটে এগিয়ে আছে। তবে কুমিল্লা-১০ আসনে জামায়াত তাদের অবস্থান বেশ শক্ত করেছে এবং সেখানে তারা ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। 

ময়মনসিংহ-৯ এবং ঢাকা-১ আসনে বিএনপি তাদের আধিপত্য বজায় রেখেছে এবং উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছে বলে জরিপে উঠে এসেছে। উত্তরের জেলা গাইবান্ধা-২ আসনে জামায়াতে ইসলামীর বেশ শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে যেখানে তারা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৮ শতাংশ ভোটে এগিয়ে আছে।রাজধানী ঢাকার বেশ কয়েকটি আসনে জরিপের ফলাফল চমকপ্রদ। ঢাকা-৮ আসনে এনসিপি ১৬ শতাংশ এবং ঢাকা-১১ আসনে ৪ দশমিক ৪ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে যা নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেয়। ঢাকা-১৩ আসনে বিএনপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে যেখানে বিএনপি প্রার্থী মাত্র ২ দশমিক ৮ শতাংশে এগিয়ে।

 ঢাকা-১৫ আসনে জামায়াত ৯ দশমিক ৫ শতাংশ ভোটে এগিয়ে থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে। অভিজাত এলাকা হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে যেখানে বিএনপি ৩ শতাংশে এগিয়ে। ঢাকার বাইরে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত ২ দশমিক ৩ শতাংশ ভোটে এগিয়ে থেকে বিএনপির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। অন্যদিকে সিলেট-৬ আসনে বিএনপি মাত্র ০ দশমিক ৭ শতাংশ ভোটে জামায়াতের চেয়ে এগিয়ে রয়েছে যা অত্যন্ত অল্প ব্যবধান। সোচ্চার জানিয়েছে এই ফলাফল কোনো চূড়ান্ত পূর্বাভাস নয় বরং এটি বর্তমান জনমতের একটি খণ্ডচিত্র মাত্র।