ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:১৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন, বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তার এই ভাষণ রেকর্ড করা হয়েছে যা বুধবার বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচার করা হবে।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য এই নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং ভোটারদের নিরাপত্তার বিষয়ে সিইসি তার বক্তব্যে বিস্তারিত তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে তিনি আশ্বস্ত করবেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বা `জুলাই জাতীয় সনদ` বাস্তবায়নে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন