ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:২৬ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই মহাযজ্ঞের ঠিক আগের মুহূর্তে, আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে এই ভাষণ একযোগে সম্প্রচারিত হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দেশবাসীকে অবহিত করছেন। বিশেষ করে এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি ‘গণভোট’ অনুষ্ঠিত হচ্ছে।
তাই ভোটারদের দুটি ব্যালট পেপারে (সাদা ও গোলাপি) ভোট প্রদানের নিয়মাবলি তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন এছাড়া নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন যে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে, সে বিষয়েও তিনি কঠোর বার্তা দিচ্ছেন।
সিইসি তার বক্তব্যে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছেন। তিনি উল্লেখ করছেন যে, দেশের ২৯৯টি আসনে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ১০ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে রয়েছেন। নির্বাচনের ফলাফল মেনে নেওয়া এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তিনি রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানাচ্ছেন। সিইসির এই ভাষণটি নির্বাচনের আগে কমিশনের পক্ষ থেকে শেষ আনুষ্ঠানিক বার্তা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন