বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভোটের আগের রাতে বাংলাদেশ সরকারকে জাতিসংঘের জরুরি বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৫৭ পিএম

ভোটের আগের রাতে বাংলাদেশ সরকারকে জাতিসংঘের জরুরি বার্তা

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের লড়াই শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সরকারের প্রতি এক জরুরি বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত জাতিসংঘের কার্যালয়। সংস্থাটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে নির্বাচনে নারীর নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের বার্তায় বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। 

নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, সে বিষয়ে জাতিসংঘ সজাগ রয়েছে।বিবৃতিতে বর্তমান সময়ের এক বড় আতঙ্ক ‘সাইবার বুলিং’ ও ‘প্রযুক্তিগত হয়রানি’র বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। 

জাতিসংঘ উল্লেখ করে, “রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারী নারীরা সাইবার বুলিং, ডিপফেক, ছবি বিকৃত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট তৈরির মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন।” এই ধরনের অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে সংস্থাটি।জাতিসংঘ রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে যেন নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন করা না হয়।

 

সংস্থাটি আশাবাদ ব্যক্ত করেছে যে, বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখবে এবং নির্বাচন কমিশন নারী ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ নিশ্চিত করবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জাতিসংঘ সরকারকে সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বার্তায় উল্লেখ করা হয়।