ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:৩৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সকালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন এবং সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত হন। বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর এখন জনমনে কৌতূহল তৈরি হয়েছে—প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সরকারিভাবে কী কী বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা পেতে যাচ্ছেন।
`দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬` অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি মাসে ১ লাখ ১৫ হাজার টাকা মূল বেতন পাবেন।
এর পাশাপাশি তাঁর জন্য মাসিক ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা বরাদ্দ থাকে। তবে সাধারণত প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রীয় বাসভবন গণভবন ব্যবহার করবেন, যার ফলে এই বাড়িভাড়া ভাতার প্রয়োজন পড়বে না। এ ছাড়া তাঁর দৈনন্দিন দাপ্তরিক ও অন্যান্য কাজের জন্য প্রতিদিন ৩ হাজার টাকা হারে দৈনিক ভাতা নির্ধারিত রয়েছে।
আর্থিক সুবিধার পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও ভ্রমণের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রয়েছে। আকাশপথে ভ্রমণের সময় প্রধানমন্ত্রীর জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ নিশ্চিত করা হয়। এর বাইরে প্রধানমন্ত্রীর হাতে দেড় কোটি টাকার একটি `স্বেচ্ছাধীন তহবিল` অর্পিত থাকে, যা তিনি জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে পারেন। এই তহবিলের ব্যয়ের জন্য তাঁকে কোনো কৈফিয়ত দিতে হয় না। এ ছাড়া প্রধানমন্ত্রীর জন্য বিনোদন ভাতা হিসেবে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, তার সম্পূর্ণটাই রাষ্ট্র বহন করবে।
অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়ের যাবতীয় ইউটিলিটি খরচ। বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিলসহ সব ধরনের সেবামূলক খরচ সরকারি কোষাগার থেকে প্রদান করা হবে। যাতায়াতের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ গাড়ি ও বিমান সুবিধা তো থাকছেই, সেই সাথে তাঁর অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিসের যাতায়াতের যাবতীয় খরচও সরকার বহন করবে। প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের নির্দিষ্ট ব্যক্তিগত ব্যয়ের জন্যও বিশেষ ভাতা বরাদ্দ থাকে, যা তিনি পদাধিকার বলে ভোগ করবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন