ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:০৭ পিএম
দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় সচিবালয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিত্যপণ্যের দামের সঙ্গে সংগতি রেখে এই কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই সভায় অর্থ পররাষ্ট্র আইন খাদ্য ও কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকবেন। পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার চেয়ারম্যানও এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। সভায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন এবং বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
মূলত নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা প্রদান করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। সরকারের পরিকল্পনা অনুযায়ী সহায়তার অর্থ সরাসরি পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে এর সুফল সরাসরি পরিবারে পৌঁছায়।এই কর্মসূচিটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য এরই মধ্যে ১৫ সদস্যের একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরির কাজও শুরু হয়েছে যেখানে জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে প্রতিটি পরিবারের ডেটা সংরক্ষণ করা হবে। প্রাথমিক পর্যায়ে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এরপর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে উপকারভোগীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সারা দেশে এই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ সম্প্রসারণ করা হবে। এটি সফলভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে মনে করছে সরকার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন