সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সরকারি কর্মীদের সময়মতো অফিসে আসার কড়া নির্দেশ

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০১:১০ পিএম

সরকারি কর্মীদের সময়মতো অফিসে আসার কড়া নির্দেশ

সময়মতো উপস্থিতির নির্দেশ

সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার দেশের সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব সচিব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এই সংক্রান্ত একটি বিশেষ চিঠি পাঠিয়ে নির্দেশনাটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের এই উদ্যোগের ফলে সরকারি দপ্তরগুলোতে প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশ অনুযায়ী সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত সময়ে অফিসে আসা এবং অফিস ত্যাগ করা বাধ্যতামূলক। 

বিধিমালার এই বাধ্যবাধকতা যথাযথভাবে পরিপালন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোকে এই বিষয়ে দ্রুত বার্তা পৌঁছে দিতে এবং বিষয়টি নিয়মিত তদারকি করতে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় মাঠ পর্যায়ের অফিসের কর্মকর্তাদের জন্য বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে যে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্মস্থল ত্যাগ করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে কেউ স্টেশন ত্যাগ করতে পারবেন না। মূলত দাপ্তরিক কাজে গতিশীলতা আনা এবং জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করতেই সরকার এই কঠোর অবস্থান নিয়েছে। এখন থেকে সকল পর্যায়ের সরকারি কর্মচারীদের নিজ নিজ দপ্তরে যথাসময়ে হাজিরা নিশ্চিত করতে হবে অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে।