ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০২:০৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই উচ্চপর্যায়ের বৈঠকটি সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান।
যে বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড সুবিধা নিশ্চিত করতেই এই আলোচনার আয়োজন করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সচিবালয়ের এই বৈঠকের আগে প্রধানমন্ত্রী দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত আরও একটি নীতি নির্ধারণী বৈঠকে অংশ নেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ওই বৈঠকে বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভায় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রী আইন মন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। বন্দরের উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফ্যামিলি কার্ড বিষয়ক সভায় উপস্থিত মন্ত্রীবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনি ইশতেহারের প্রতিফলন ঘটাতে কার্ডের বণ্টন প্রক্রিয়া এবং স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন।
এর মাধ্যমে মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সচিবালয়ের এই সভাটি সরকারের সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্বস্তি ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন