বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

জাতীয় ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০১:০৮ পিএম

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (Immigrant) ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সোমবার সকালে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। তবে যারা ভ্রমণ বা স্বল্প সময়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের জন্য ভিজিটর ও ভ্রমণ ভিসা কার্যক্রম আগের নিয়মেই চালু থাকবে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত অর্থনৈতিক ও করদাতাদের ব্যয়ের বোঝা কমাতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সে দেশের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা বা সোশ্যাল বেনিফিট তুলনামূলক বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে। 

মার্কিন প্রশাসনের নতুন নীতিমালার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে যে, এই স্থগিতাদেশ কেবল স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আবেদন করা অভিবাসী ভিসার ক্ষেত্রে কার্যকর। ভিজিটর (B1/B2) বা টুরিস্ট ভিসা নিয়ে যারা যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা আগের মতোই আবেদন করতে পারবেন। এছাড়া নিম্নোক্ত বিষয়গুলো আগের মতোই চলমান থাকবে:

নতুন ভিসার আবেদন গ্রহণ।

নির্ধারিত সাক্ষাৎকার (Interview) গ্রহণের প্রক্রিয়া।

দূতাবাসগুলোতে ইন্টারভিউয়ের সময় নির্ধারণ বা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম।

এই সিদ্ধান্তের ফলে যারা দীর্ঘদিনের ইমিগ্রেশন প্রক্রিয়ায় ছিলেন বা পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞমহল মনে করছেন, এটি সাময়িক কোনো প্রশাসনিক পদক্ষেপ হতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন নীতিতে যে বড় ধরনের পরিবর্তন আসছে, এটি তারই একটি অংশ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মার্কিন দূতাবাসগুলোতে ভিজিটর ভিসার জন্য দীর্ঘ সিরিয়াল থাকলেও অভিবাসী ভিসার নতুন এই স্থগিতাদেশ অনেক স্বপ্নবাজ মানুষের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াল।