মার্চ ৪, ২০২৬, ০১:৩৯ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সামরিক উত্তজনা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে আজও আকাশপথে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বুধবার (৪ মার্চ) ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যের মোট ১৭৩টি ফ্লাইট স্থগিত বা বাতিল করা হলো।
বুধবার সকালে এক বিশেষ বার্তায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই তথ্য নিশ্চিত করেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এই অনিশ্চয়তা বজায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ করেছে।
ফলে বুধবারের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৫টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, ফ্লাই দুবাইয়ের ৪টি এবং কুয়েত এয়ার ও জাজিরা এয়ারওয়েজের ২টি করে ফ্লাইট রয়েছে। এ ছাড়া দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সেরও ৪টি ফ্লাইট আজকের তালিকায় রয়েছে।পরিসংখ্যান অনুযায়ী, গত শনিবার থেকে ফ্লাইট বাতিলের এই ধারা শুরু হয়। প্রথম দিন ২৩টি, দ্বিতীয় দিন ৪০টি, তৃতীয় দিন ৪৬টি এবং চতুর্থ দিন ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়।
এই ধারাবাহিকতায় আজ আরও ২৫টি ফ্লাইট বন্ধ হওয়ায় প্রবাসীদের বিদেশে যাত্রা এবং দেশে ফেরার ক্ষেত্রে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আগামী ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা এবং কুয়েতগামী সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। আন্তর্জাতিক রুটে আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত যাত্রীদের নিয়মিত বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন