রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নারীর ক্ষমতায়নে সরকারের বড় পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ১১:০৭ এএম

নারীর ক্ষমতায়নে সরকারের বড় পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে দেশের নারী সমাজসহ বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক বাণীতে তিনি বলেন, একটি রাষ্ট্রের টেকসই উন্নয়নের জন্য নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি জানান, জনসংখ্যার অর্ধেক অংশকে উন্নয়নের মূলধারার বাইরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়। 

বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সামগ্রিক উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছানো কঠিন।প্রধানমন্ত্রী তার বাণীতে বাংলাদেশের নারী জাগরণে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। 

তিনি উল্লেখ করেন যে ১৯৭৬ সালে জিয়াউর রহমানের শাসনামলে প্রথম নারী বিষয়ক দপ্তর এবং ১৯৭৮ সালে পৃথক মন্ত্রণালয় গঠিত হয়েছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও নারীর আর্থসামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ডসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্নাতকোত্তর পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। এছাড়া মেয়েদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণে কাজ চলছে। নারীর নিরাপত্তা বিধানকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে সাইবার বুলিং ও অনলাইনে নারী হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। 

তিনি এমন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন যেখানে নারী ও পুরুষ সমান মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে সমাজে ভূমিকা রাখতে পারবে। পরিশেষে তিনি দিবসটি উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।