রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতির হাত থেকে দাদির পুরস্কার নিলেন জাইমা

জাতীয় ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ১২:৫৩ পিএম

রাষ্ট্রপতির হাত থেকে দাদির পুরস্কার নিলেন জাইমা

পুরস্কার নিচ্ছেন জাইমা

নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুরস্কারটি তুলে দেন। বেগম খালেদা জিয়ার পক্ষে এই মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের আটটি বিভাগের মোট ৩৯ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। তাদের মধ্য থেকে পাঁচজনকে বিশেষভাবে অদম্য নারী হিসেবে সম্মাননা জানানো হয়। জাইমা রহমান যখন তার দাদির পক্ষে মঞ্চে উঠে রাষ্ট্রপতির হাত থেকে ক্রেস্ট ও সম্মাননাপত্র গ্রহণ করছিলেন। 

তখন মিলনায়তনে উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ কৌতূহল ও মনোযোগ লক্ষ্য করা যায় এ বছর মূলত অর্থনৈতিক সাফল্য, শিক্ষা ও কর্মসংস্থান, সফল জননী, প্রতিকূলতা জয়ী এবং সমাজ উন্নয়নে অবদান রাখা—এই পাঁচটি সুনির্দিষ্ট বিভাগে নারীদের মনোনীত করা হয়েছে।বিশেষ সম্মাননাপ্রাপ্ত পাঁচজন হলেন খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার এবং ঢাকার আফরোজা ইয়াসমিন। এছাড়া আট বিভাগ থেকে মনোনীত অন্যান্য নারীদের নামও অনুষ্ঠানে ঘোষণা করা হয়। 

ঢাকা বিভাগ থেকে আফরোজা ইয়াসমিনসহ আরও চারজন এবং রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ থেকে নির্বাচিত নারীরা নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি স্বরূপ এই রাষ্ট্রীয় সম্মাননা লাভ করেন। নারী ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় তাদের এই সংগ্রাম নতুন প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।