মার্চ ৮, ২০২৬, ০৬:৫৫ পিএম
রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে কলকাতার বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘এই সময়’-এর এক প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয় যে, বাংলাদেশে অপরাধ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ্য করে অত্যন্ত কাছ থেকে গুলি ছোড়ে। এই ঘটনায় তিনি গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের মধ্যে ফয়সাল করিম মাসুদকে সরাসরি শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেপ্তারে সহায়তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। একই সাথে ফয়সাল করিম মাসুদের মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সকল ব্যাংক হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে।হাদি হত্যার ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেছিলেন। প্রাথমিক তদন্ত শেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল।
তবে ডিবির এই তদন্ত প্রতিবেদনে মামলার প্রকৃত রহস্য উদঘাটিত হয়নি দাবি করে বাদী আদালতে নারাজি আবেদন প্রদান করেন। এর প্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে নির্দেশ প্রদান করে। বর্তমানে সিআইডি এই হত্যাকাণ্ডের পেছনের আর্থিক যোগসূত্র এবং কোনো প্রভাবশালী মহলের ইন্ধন ছিল কি না তা খতিয়ে দেখছে। প্রধান আসামিদের এই গ্রেপ্তারের ফলে দীর্ঘসূত্রতায় পড়া তদন্তে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন