রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৫:৩৪ পিএম

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

ওটিতে মির্জা আব্বাস

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালটির বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুর ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে (OT) নেওয়া হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা গেলে চিকিৎসকরা দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড গঠন করেন। বোর্ডের সদস্যরা পরিস্থিতি পর্যালোচনা করে অবিলম্বে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। 

পরিবারের সদস্যদের সম্মতি নিয়েই তাকে ওটিতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের একটি বিশেষ দল এই অস্ত্রোপচার পরিচালনা করছেন।

মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত এই উচ্চপর্যায়ের মেডিক্যাল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক। এর আগে আজ জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে আসেন। 

সে সময় মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা এবং অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন মির্জা আব্বাস। এরপর ওই রাতেই তাকে দ্রুত রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক বলে জানা গেছে। ডা. রফিকুল ইসলাম মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন।