মার্চ ১৬, ২০২৬, ১০:২৭ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সারা দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই বিশাল কর্মযজ্ঞের সূচনা হবে। সরকারের এই মহাপরিকল্পনার আওতায় প্রথম ছয় মাসে এক হাজার ২০০ কিলোমিটার এবং পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী আজ সকাল সোয়া ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে যাত্রা করবেন।
বেলা সাড়ে ১১টায় সেখানে উপস্থিত হয়ে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন এবং পরবর্তীতে একটি বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষি খাতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে বিশেষ গতি আসবে বলে স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে।
কাহারোলের কর্মসূচি শেষে বেলা সাড়ে তিনটায় দিনাজপুর শহরের উপশহর এলাকায় অবস্থিত ফরিদপুর কবরস্থানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তাঁর নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল পাঁচটায় শহরের ঐতিহাসিক গোর-এ-শহিদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন এবং পরবর্তীতে সেখানে ইফতার ও দোয়া মাহফিলে শরিক হবেন।
সফর শেষে আজ সন্ধ্যা পৌনে সাতটায় তিনি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন