মার্চ ২১, ২০২৬, ১০:৫৩ এএম
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার সকালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এই জামাতে ইমামতি করেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ খুতবা প্রদান করা হয় যেখানে ইসলামের শান্তি ও ভ্রাতৃত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাতের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাহ প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তাকে অনেকের সঙ্গে হাত মেলাতে এবং কুশল বিনিময় করতে দেখা যায়। প্রটোকলের সীমাবদ্ধতা কাটিয়ে প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের সঙ্গে এমন মেলামেশা উপস্থিত মুসল্লিদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে।জাতীয় ঈদগাহের এই জামাতকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
নামাজ শেষে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জাতীয় ঈদগাহের আঙিনাকে এক মিলনমেলায় পরিণত করে। প্রধানমন্ত্রীর এই উপস্থিতি এবং সরাসরি শুভেচ্ছা বিনিময় এবারের ঈদ উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করেছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন