মার্চ ২১, ২০২৬, ১১:২৯ এএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার ঈদের আগের দিন এই দুই নেতার মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয় যেখানে তাঁরা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে এই ফোনালাপ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফোনালাপে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের কথা জানান। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে একে অপরকে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে দুই দেশ সামনের দিনগুলোতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে দুই নেতা একমত পোষণ করেছেন।এছাড়াও তাঁরা মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং বৈশ্বিক নানা সংকট নিয়ে মতবিনিময় করেন। উভয় নেতা আঞ্চলিক বিরোধ নিরসনে সামরিক শক্তির পরিবর্তে সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের ওপর বিশেষ জোর দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ঈদের উষ্ণ প্রত্যুত্তর দেন এবং সেদেশের জনগণের জন্য শুভকামনা জানান। এই ফোনালাপের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে দুই দেশের সরকার প্রধানের এই আলাপচারিতা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন