মার্চ ২১, ২০২৬, ১১:৩৫ এএম
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচে আজ শনিবার সকাল ৮টায় অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই ঈদ জামাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।
এবারের ঈদ জামাতের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল নারী মুসল্লিদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা। সংসদ ভবনের ইতিহাসে এবারই প্রথমবার নারীদের জন্য পৃথকভাবে ঈদের জামাতে অংশগ্রহণের সুযোগ রাখা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলাসহ অনেক নারী মুসল্লি এই জামাতে অংশ নেন যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেছে। স্পিকারের বিশেষ নির্দেশনা অনুযায়ী এবং সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে দক্ষিণ প্লাজার টানেলের নিচে এই জামাতের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
নামাজ শেষে মুসল্লিদের জন্য বিশেষ আপ্যায়নের অংশ হিসেবে খেজুর পরিবেশন করা হয়। জামাত ও খুতবা পরবর্তী সময়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে দেখা যায়। টানেলের নিচে চমৎকার আলোকসজ্জা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকলেও টানেলের সুবিধাজনক অবস্থানের কারণে মুসল্লিরা কোনো প্রকার বিঘ্ন ছাড়াই নামাজ আদায় করতে পেরেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন