মার্চ ২৫, ২০২৬, ০৯:৫৭ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৬ মার্চ বৃহস্পতিবার জাতীয় প্যারেড স্কয়ার, বঙ্গভবন এবং মানিক মিয়া এভিনিউয়ে দিনভর বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি থাকায় এসব এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে রাষ্ট্রীয় এই অনুষ্ঠানগুলোতে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ধাপে ধাপে ডাইভারশন কার্যকর করা হবে।
মহান দিবসের এই বিশেষ কর্মসূচিগুলো চলাকালীন সাধারণ নাগরিকদের বিকল্প রুট ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচি চলাকালীন বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোডে সাধারণ যানবাহন প্রবেশ করতে পারবে না। একইভাবে শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং এবং পুরাতন গণভবন বা জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত সড়কটি আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য সবার জন্য বন্ধ থাকবে। ফলে মিরপুর ও গাবতলী অভিমুখী যানবাহনগুলোকে এই সময়ের জন্য বিকল্প পথ ব্যবহার করতে হবে।
বিকেলের কর্মসূচিতে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান থাকায় দুপুর ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত গুলিস্থান, জিরো পয়েন্ট এবং রাজউক ক্রসিং সংলগ্ন এলাকাগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। বিশেষ করে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ, ডিআইটি রোড এবং দৈনিক বাংলা ক্রসিং থেকে রাজউক ক্রসিং পর্যন্ত সড়কে সাধারণ যান চলাচল সীমিত করা হয়েছে। হানিফ ফ্লাইওভার দিয়ে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্ট হয়ে ইউবিএল বা হাইকোর্ট অভিমুখে চলাচলের জন্য ডাইভারশন পয়েন্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া দিলকুশা রোডের বিভিন্ন গ্যাপ দিয়েও সাধারণ যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।
সন্ধ্যার পর মানিক মিয়া এভিনিউয়ে বিশেষ কনসার্ট আয়োজিত হবে বিধায় বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আড়ং ক্রসিং ও খেজুর বাগান ক্রসিং পয়েন্টে ডাইভারশন থাকায় শ্যামলী বা মোহাম্মদপুর থেকে আসা যানবাহনগুলোকে লেক রোড হয়ে উড়োজাহাজ ক্রসিং দিয়ে যাতায়াত করতে হবে।
একইভাবে শাহবাগ বা সোনারগাঁও থেকে মিরপুর অভিমুখী যানবাহনগুলো বিজয় সরণি হয়ে লেক রোড ব্যবহার করবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহনগুলো খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে বিকল্প পথে চলতে পারবে। ধানমন্ডি ও নিউমার্কেট এলাকার যানবাহনগুলোকেও গণভবন ক্রসিং দিয়ে যাতায়াত করতে বলা হয়েছে।
ডিএমপি কমিশনারের পক্ষ থেকে নগরবাসীকে রাষ্ট্রীয় এই মহান দিবসের গুরুত্ব বিবেচনা করে সাময়িক ট্রাফিক বিড়ম্বনা মেনে নেওয়ার এবং বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং যেকোনো জরুরি প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিশেষ নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চললে সড়কে শৃঙ্খলা বজায় থাকবে এবং আমন্ত্রিত অতিথিরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন বলে আশা করছে পুলিশ প্রশাসন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন