মার্চ ২৬, ২০২৬, ০৯:২৯ এএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান।
প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এর ঠিক পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একাত্তরের বীর শহীদদের স্মরণে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন বা গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্বাধীনতা দিবস উদযাপনে ভোরের আলো ফোটার আগেই সাভারের স্মৃতিসৌধ এলাকায় নামে জনতার ঢল। লাল-সবুজের পোশাক আর হাতে জাতীয় পতাকা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির বীরত্বের স্মারক স্মৃতিসৌধের বেদি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন