সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

জাতীয় ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০১:০৫ পিএম

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ আর নেই

প্রয়াত দিলারা হাফিজ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সেখানে ভর্তি করা হয়েছিল। 

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও মালঞ্চা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাহারুল। স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তাঁর সংসদীয় এলাকা ও দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজ বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সিঙ্গাপুরে নেওয়ার আগে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। 

তবে তাঁর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে গত পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাঁকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পৃথক শোক বার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর মরদেহ কবে নাগাদ দেশে ফিরিয়ে আনা হবে এবং জানাজার সময়সূচি সম্পর্কে পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। মরদেহ দেশে পৌঁছানোর পর ভোলার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হতে পারে বলে দলীয় সূত্রে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।