রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব

জাতীয় ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০৩:০২ পিএম

র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব

র‍্যাবের নতুন ডিজি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। শনিবার সকালে তিনি বাহিনীটির শীর্ষ পদের এই দায়িত্বভার গ্রহণ করেন। বিসিএস ১৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা পেশাদারিত্ব এবং সততার সাথে দীর্ঘকাল বাংলাদেশ পুলিশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

তাঁর যোগদানের ফলে এলিট ফোর্স র‍্যাবের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করা আহসান হাবীব পলাশ তাঁর দীর্ঘ চাকরিজীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। 

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এছাড়া রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে তাঁর সফল নেতৃত্ব আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রেখেছে। 

র‍্যাবে যোগদানের আগে তিনি পিবিআই হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও আহসান হাবীব পলাশের কাজের পরিধি বিস্তৃত। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কসোভো, লাইবেরিয়া, সুদানও দক্ষিণ সুদানে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। দীর্ঘ এবং বর্ণাঢ্য কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় পদক বাংলাদেশ পুলিশ মেডেল বা বিপিএম-সেবায় ভূষিত হন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাত্র পেশাগত উৎকর্ষ সাধনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশ থেকে উচ্চতর কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁর এই বৈচিত্র্যময় অভিজ্ঞতা র‍্যাবের মাদকবিরোধী অভিযান ও সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।