বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তরুণদের যারা যে খেলায় ভালো করবেন সেটিকে পেশা হিসেবে নিতে পারেন: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৫:৪৫ পিএম

তরুণদের যারা যে খেলায় ভালো করবেন সেটিকে পেশা হিসেবে নিতে পারেন: প্রধানমন্ত্রী

ক্রীড়া ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলাকে কেবল শখ বা শরীরচর্চার মাধ্যম হিসেবে না দেখে একটি সম্মানজনক ও লাভজনক পেশা হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে ক্রীড়া জগত আর স্রেফ বিনোদনের জায়গায় সীমাবদ্ধ নেই, বরং এটি এখন একটি প্রতিষ্ঠিত ক্যারিয়ার। 

সোমবার সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু করার বড় ঘোষণাও দিয়েছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা এখন আর ব্যায়াম বা শখের অংশ নয়। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় যে অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং বা আইনি পেশার মতো ক্রীড়া জগতও একটি শক্তিশালী পেশা হিসেবে দাঁড়িয়েছে। 

পৃথিবী যখন আধুনিকতার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশও এই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে পারে না। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা যে খেলায় ভালো করবেন এবং যে খেলাটিতে আনন্দ পাবেন, তারা সেটিকেই নিজেদের পেশা হিসেবে বেছে নিতে পারেন। সরকার সেই পরিবেশ নিশ্চিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।ক্রীড়াবিদদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে সরকারের নতুন উদ্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিক সংকটের কারণে ঝরে না পড়েন, সে জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সম্মানী কাঠামো তৈরি করা হয়েছে। 

এটি বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির একটি অংশ ছিল, যার আনুষ্ঠানিক বাস্তবায়ন আজ থেকে শুরু হলো। তিনি উল্লেখ করেন, দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের একটি প্রাতিষ্ঠানিক সম্মানী কাঠামোর আওতায় আনা হয়েছে, যা দেশের ক্রীড়া ইতিহাসে একটি মাইলফলক।শুধু জনপ্রিয় ক্রিকেট বা ফুটবল নয়, বরং অন্যান্য খেলাকেও সামনে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। 

এই প্রক্রিয়াকে গতিশীল করতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি দেশের বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্ব দরবারে লাল-সবুজের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবেন।

সিলেট থেকে শুরু হতে যাওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রকল্প নিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে সাতটি ভিন্ন ভিন্ন খেলায় পারদর্শী প্রতিভাবানদের এই প্রক্রিয়ায় খুঁজে বের করা হবে। তৃণমূল থেকে উঠে আসা এসব মেধাবীদের আধুনিক ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে এমনভাবে পেশাদার খেলোয়াড় তৈরি করা, যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ের বড় ইভেন্টগুলোতে সরাসরি শ্রেষ্ঠত্ব লড়াইয়ে অংশ নিতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের সন্তানরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বয়ে এনেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ভবিষ্যতে আরও বড় সাফল্যের আশাবাদ ব্যক্ত করেন।