এপ্রিল ১২, ২০২৬, ০৯:১১ পিএম
চলতি বছরের পবিত্র হজ পালনের লক্ষ্যে প্রথম হজ ফ্লাইট আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন রাতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভায় প্রধানমন্ত্রী নিজেই সভাপতিত্ব করেন এবং হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনা প্রদান করেন।ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল ও সচেতন।
সভায় তিনি পরিষ্কার ভাষায় নির্দেশ দিয়েছেন যে, যারা আল্লাহর মেহমান হিসেবে হজে যাচ্ছেন, তাদের খেদমতে কোনো প্রকার ত্রুটি রাখা যাবে না। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাজিদের ওপর কোনো অন্যায়, অপরাধ বা অবিচার কোনোভাবেই সহ্য করা হবে না। হাজিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
ধর্মমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নিজেই হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করতে দু-একদিনের মধ্যে আশকোনা হজ ক্যাম্পে যাবেন। সেখানে অবস্থানরত হাজিদের সুবিধা-অসুবিধা তিনি সরাসরি শুনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এই আগ্রহ ও তদারকি হজ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা ও সংস্থাগুলোর মধ্যে বাড়তি দায়িত্ববোধ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের কারণে হজ ফ্লাইটের ব্যয় বা কোনো জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী ইতিবাচক উত্তর দেন। তিনি বলেন, "হাজিরা আল্লাহর মেহমান। ইনশাআল্লাহ, আল্লাহই সব ব্যবস্থা করবেন। সরকার এ বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে এবং হজযাত্রীদের যেন কোনো বাড়তি ভোগান্তি বা আর্থিক চাপে পড়তে না হয়, সে বিষয়ে আমরা আগাম পদক্ষেপ নিচ্ছি।" কোনো ধরণের জটিলতা ছাড়াই ১৭ এপ্রিল থেকে হজ ফ্লাইট নিরবচ্ছিন্নভাবে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চলতি বছর বাংলাদেশ থেকে বড় একটি অংশ হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। ফ্লাইটের সূচি চূড়ান্ত করার পাশাপাশি সৌদি আরবে আবাসন ও যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের মাধ্যমে হাজিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন