এপ্রিল ১২, ২০২৬, ১১:৫১ পিএম
২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনেচ্ছু যাত্রীদের জন্য বড় ধরণের সুখবর দিয়েছে সরকার। এ বছর হজ ফ্লাইটের টিকিট প্রতি ১২ হাজার টাকা করে কমানো হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক সংকটের মধ্যেও হজযাত্রীদের খরচ কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কোনো ধরণের চার্টার্ড ফ্লাইট (ভাড়াকৃত বিমান) পরিচালনা ছাড়াই নিজস্ব সক্ষমতায় মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রীকে পরিবহন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিজস্ব ফ্লাইট ব্যবহারের কারণেই টিকিট প্রতি ১২ হাজার টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে, যা সরাসরি হজযাত্রীদের আর্থিক বোঝা লাঘব করবে।এদিকে, রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, চলতি বছরের হজ ফ্লাইট আগামী শুক্রবার (১৮ এপ্রিল) রাত থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী আগামী দু-এক দিনের মধ্যেই আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন এবং হজযাত্রীদের সাথে সরাসরি কথা বলে তাদের প্রস্তুতির খোঁজ নিতে পারেন।মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব হজ ফ্লাইটে পড়বে কি না—এমন উদ্বেগের জবাবে ধর্মমন্ত্রী বলেন, "আশা করা হচ্ছে হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটবে না।
আমরা সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দিয়েছি যাতে আল্লাহর মেহমানরা কোনো ভোগান্তি ছাড়াই সৌদি আরব পৌঁছাতে পারেন।"মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে হজে যাচ্ছেন ৭২ হাজার ৩৪৪ জন। সরকারের এই টিকিট মূল্য কমানোর সিদ্ধান্তকে হজযাত্রী ও তাদের স্বজনরা ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন