এপ্রিল ২০, ২০২৬, ০২:৪৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে তিনি দেশের ১৩তম এই সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত জনতা ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী নাগরিকদের দায়িত্ববোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আপনার শহর আপনাকেই পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। শহর পরিচ্ছন্ন রাখার প্রাথমিক দায়িত্ব সাধারণ মানুষকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
নিজ জেলা সফরে এসে প্রধানমন্ত্রী অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন যে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বগুড়ায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাসহ অবকাঠামোগত বহু কাজ সম্পন্ন হয়েছিল। বর্তমান সরকার সেই উন্নয়নের ধারা অব্যাহত রেখে আবারও নতুন উদ্যমে কাজ শুরু করবে বলে তিনি বগুড়াবাসীকে আশ্বস্ত করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে ১০টা ৬ মিনিটে বগুড়ায় পৌঁছান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে গোটা শহর উৎসবের আমেজে মেতে ওঠে।সিটি করপোরেশন উদ্বোধনের আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি আইনের শাসনের প্রতি তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ন্যায়বিচার কোনো দয়া বা করুণা নয়, বরং এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। বিচারপ্রার্থী মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানান। আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি আধুনিক রাষ্ট্র গড়ার ওপর তিনি জোর দেন।কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রীকে এক অনন্য সাধারণ ভঙ্গিমায় দেখা গেছে। আদালত প্রাঙ্গণের অনুষ্ঠান শেষে তিনি পায়ে হেঁটে বগুড়া পৌরসভার বর্তমান কার্যালয়ে (যা এখন সিটি করপোরেশন ভবন) যান।
এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত উঁচিয়ে তাঁকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে জনগণের শুভেচ্ছার জবাব দেন। পায়ে হেঁটে তাঁর এই পথচলা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। সেখানে তাঁর আরও কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন