শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সৌদিতে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিল বাংলাদেশ সরকার

জাতীয় ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৫:০০ পিএম

সৌদিতে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিল বাংলাদেশ সরকার

পাসপোর্ট পেলেন ২২ হাজার রোহিঙ্গা

সৌদি আরবে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে ইতোমধ্যে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানান। 

বৈঠকে দুই দেশের নিরাপত্তা, বিনিয়োগ এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানান। 

মন্ত্রী এই সময় উল্লেখ করেন যে সৌদি আরব বাংলাদেশের অন্যতম প্রধান ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশের জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে সৌদি আরবের বড় ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি এসব খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আলোচনায় সৌদি আরবে অবস্থানরত মোট ৬৯ হাজার মিয়ানমার নাগরিক বা রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুর বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। রাষ্ট্রদূত এই প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানান। এর জবাবে মন্ত্রী জানান যে প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক প্রমাণ দাখিল সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট সরবরাহ করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার নামে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে যেসব মিয়ানমার নাগরিকের কাছে বাংলাদেশের বৈধ ডকুমেন্টস রয়েছে কিংবা যারা নির্দিষ্ট শর্ত পূরণ করেছে, কেবল তাদেরই পাসপোর্ট দেওয়া হচ্ছে। সৌদি আরব থেকে পাওয়া পূর্ণাঙ্গ তালিকা পুনরায় যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের আইনি জটিলতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।