এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৪৮ পিএম
জাতীয় সংসদ অধিবেশনে সংসদীয় শিষ্টাচার, প্রচলিত বিধিবিধান এবং দীর্ঘদিনের সংসদীয় রেওয়াজ কঠোরভাবে প্রতিপালন করতে সংসদ সদস্যদের (এমপি) প্রতি কড়া নির্দেশ দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সংসদ অধিবেশন চলাকালে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদ কক্ষের ভেতরে মোবাইল ফোনে কথা বলা, খাওয়া-দাওয়া করা এবং দর্শক গ্যালারির কারো সঙ্গে কুশল বিনিময় করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, আইনপ্রণেতাদের কিছু অসংলগ্ন আচরণ সংসদের মর্যাদা ও গাম্ভীর্যকে ক্ষুণ্ণ করছে।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার বক্তব্যে সংসদীয় বিধিবিধান লঙ্ঘনের কিছু সুনির্দিষ্ট ঘটনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, অনেক সদস্য সংসদ কক্ষে প্রবেশের সময় বা বের হওয়ার সময় স্পিকারের চেয়ারের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করছেন না। অথচ বিশ্বজুড়ে সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশন কক্ষে ঢোকা এবং বের হওয়ার সময় মাথা নত করে সম্মান প্রদর্শন করা বাধ্যতামূলক।
তিনি আরও লক্ষ্য করেছেন যে, স্পিকার এবং যিনি বক্তব্য রাখছেন, তাদের মাঝখান দিয়ে অনেক সদস্য যত্রতত্র চলাফেরা করছেন, যা সংসদীয় প্রথা বিরোধী এবং অশোভন।অধিবেশন কক্ষে মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়েও চরম বিরক্তি প্রকাশ করেছেন স্পিকার। তিনি জানান, অনেক সংসদ সদস্য অধিবেশনে বসে টেলিফোনে কথা বলেন এবং কেউ কেউ হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার চেষ্টা করেন। সংসদীয় রীতি অনুযায়ী মোবাইল ফোন সবসময় মিউট রাখা এবং একান্ত প্রয়োজনে লবিতে গিয়ে কথা বলার নিয়ম রয়েছে।
এছাড়া অধিবেশন চলাকালে একজনকে পানাহার করতে দেখে স্পিকার বিস্মিত হন। তিনি স্মরণ করিয়ে দেন যে, সংসদ অধিবেশনে খাওয়া-দাওয়া বা পানাহারের কোনো বিধান অতীতে কখনো ছিল না এবং এমন আচরণ অত্যন্ত অনভিপ্রেত।নতুন নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পিকার পরামর্শ দেন যাতে তারা ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালী বিধি বইটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নেন। তিনি বলেন, সংসদীয় রীতিনীতি সঠিকভাবে জানা থাকলে ভবিষ্যতে এমন অপ্রীতিকর কথা বলার প্রয়োজন হবে না এবং সংসদের কার্যপরিবেশ উন্নত হবে।
এছাড়া ‘পয়েন্ট অব অর্ডার’ তোলার সঠিক সময় এবং পদ্ধতি মেনে চলার জন্যও তিনি সকল সদস্যদের অনুরোধ জানান। সংসদকে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক উল্লেখ করে এর মর্যাদা রক্ষায় তিনি সকল আইনপ্রণেতার আন্তরিক সহযোগিতা কামনা করেন।সংসদীয় এই কড়া নির্দেশনার পর অধিবেশন কক্ষে পিনপতন নীরবতা লক্ষ্য করা যায়। সিনিয়র সংসদ সদস্যরা স্পিকারের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী অধিবেশনগুলোতে এসব আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কি না, সেদিকে কড়া নজরদারি রাখা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন