শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বেনজীরকে দেশে ফেরাতে সংসদে চার দফা দাবি জানালেন এমপি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৯:১৯ পিএম

বেনজীরকে দেশে ফেরাতে সংসদে চার দফা দাবি জানালেন এমপি

ছবি : সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার সুনির্দিষ্ট অগ্রগতি এবং পুরো প্রক্রিয়ায় কোনো প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ছিল কি না, তা স্পষ্ট করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানিয়েছেন সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া এক আনুষ্ঠানিক প্রস্তাবে ঢাকা-১৪ আসনের এই সংসদ সদস্য এসব দাবি উত্থাপন করেন।

তিনি উল্লেখ করেন, গুম ও নির্যাতনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে আটকের পর বেনজীরের জামিন লাভ ও সেন্ট লুসিয়ায় চলে যাওয়াকে গুরুতর ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি। সংসদে উত্থাপিত নোটিশে বলা হয়, নির্ধারিত ত্রিশ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোসহ সরকারের গৃহীত যাবতীয় পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ সংসদে দাখিল করতে হবে। 

দ্বিতীয় দাবিতে তিনি জানতে চান, প্রেরিত নথিপত্রে কোনো ধরনের আইনি বা পদ্ধতিগত ত্রুটি ছিল কি না এবং থাকলে তার জন্য দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। তৃতীয়ত, সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় তিনি কীভাবে একাধিক দেশের পাসপোর্ট গ্রহণ করেছিলেন সে সংক্রান্ত তদন্তের অগ্রগতি জানানোর আহ্বান জানান তিনি।

সর্বশেষ দাবিতে সেন্ট লুসিয়া থেকে তাঁকে ফিরিয়ে আনা ও দেশ-বিদেশের অবৈধ সম্পদ জব্দের সরকারি পরিকল্পনা বিস্তারিত প্রকাশের দাবি জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে দশটি তদন্ত মামলা এবং তিনটি সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে সংসদকে অবহিত করেন মীর আহমদ। তিনি জোর দিয়ে বলেন, ন্যায়বিচার প্রত্যাশী জনগণের কাছে এই জাতীয় ইস্যুতে স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।