রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভূমিদস্যু ভাইদের সালাম জানালেন আসিফ নজরুল, কিন্তু কেন

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৩:১১ পিএম

ভূমিদস্যু ভাইদের সালাম জানালেন আসিফ নজরুল, কিন্তু কেন

ফেসবুক পোস্টে অভিযোগের জবাব দিচ্ছেন ড. আসিফ নজরুল। ছবি - সংগৃহীত

অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল তার বিরুদ্ধে আনা বিভিন্ন দুর্নীতির অভিযোগের জবাব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে দেওয়া ওই পোস্টে তিনি অভিযোগকারীদের ‘ভূমিদস্যু’ সম্বোধন করে ব্যঙ্গাত্মকভাবে সালাম ও অভিনন্দন জানান।

আসিফ নজরুল বলেন, কিছু পত্রিকা তার এবং আরও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই অপপ্রচার চালাচ্ছে। ইস্কাটনে সন্তানের নামে বাড়ি কেনা এবং আমেরিকায় বাড়ি কেনার দাবিগুলোকে তিনি ‘উদ্ভট’ ও ‘আজগুবি’ বলে অভিহিত করেছেন। এসব দাবির সপক্ষে দলিল বা বাড়ির ডকুমেন্ট দেখানোর চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

সাবেক এই উপদেষ্টা উল্লেখ করেন, একটি অনলাইন মিডিয়ায় ফটোকার্ড বানিয়ে দাবি করা হয়েছিল তিনি নাকি ১৫ হাজার কোটি টাকা পাচার করেছেন। পরে সেই অভিযোগ ১০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। 

সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়মের যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে তিনি আইন মন্ত্রণালয়ের বিবৃতির কথা মনে করিয়ে দেন। মন্ত্রণালয় জানিয়েছিল, বদলিগুলো নিয়ম মেনেই এবং সংশ্লিষ্টদের আবেদনের ভিত্তিতে হয়েছে।নিজের জীবনযাপনের চিত্র তুলে ধরে আসিফ নজরুল বলেন, তিনি এখনো বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকেন, বাজারে গিয়ে দরদাম করেন এবং অধিকাংশ সময় রিকশায় চড়ে চলাফেরা করেন। 

এমন সাধারণ জীবনযাপনের পরও কীভাবে তাকে নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কিচ্ছা লেখা হয়, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।পোস্টের শেষে তিনি মামলার পথে না হাঁটার সিদ্ধান্তের কথা জানান। আসিফ নজরুল বলেন, দস্যুদের হাজার হাজার কলম এবং প্রভাব রয়েছে। শেষ পর্যন্ত তিনি ব্যঙ্গাত্মক সুরে ‘ভূমিদস্যু’ ভাইদের অভিনন্দন জানিয়ে বলেন, এই দেশটা তাদের মতো মানুষের জন্যই, তার মতো কারও নয়।