এপ্রিল ২৯, ২০২৬, ০৩:১৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে বিশেষ সহযোগিতা দেওয়া হবে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।
জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের নোটিশের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ হাওরাঞ্চলের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, প্রবল বর্ষণে হাওরগুলো তলিয়ে যাচ্ছে এবং কৃষকেরা ধান কাটার জন্য মাঠে লড়াই করছেন।
এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কৃষকদের বর্তমান পরিস্থিতি উদ্বেগের। তিনি জানান, তিন দিন আগে আবহাওয়ার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল।
পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত হলে যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে স্থানীয় কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল।প্রধানমন্ত্রী আরও বলেন, আজ সকালে অধিবেশন শুরু হওয়ার আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছেন। নির্দেশনায় তিনি বলেছেন, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারসহ ময়মনসিংহের কিছু এলাকায় প্রবল বর্ষণে কৃষকেরা সমস্যার সম্মুখীন হয়েছেন।
এসব এলাকার যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাঁদের ফসল নষ্ট হয়েছে, তাঁদের দ্রুত চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।সংসদে প্রধানমন্ত্রী জানান, অকাল বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন