রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কথা বললেই পুলিশ ধরবে—এমন সংস্কৃতি আর চলবে না: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২, ২০২৬, ১০:৪৬ পিএম

কথা বললেই পুলিশ ধরবে—এমন সংস্কৃতি আর চলবে না: প্রধানমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমন সংস্কৃতি আর চলবে না। তিনি বলেন, মানুষ যদি কোনো সমস্যায় পড়েন তবে তাঁরা যেন সেই সমস্যার কথা বলতে পারেন। শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিলেটে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, মানুষ চায় না একটি কথা বললেই পুলিশ এসে কাউকে ধরে নিয়ে যাক। তবে কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষ মনে করে বিএনপি এখনও সঠিক পথে আছে বলেই তাঁরা রাস্তায় নেমে সমর্থন জানাচ্ছেন। তবে এই জনসমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের কঠোর পরিশ্রম ও ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।

নেতাকর্মীদের আচরণের বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, ক্ষমতাসীন দলের কর্মী—এই অহমিকা মাথায় আনা যাবে না। এই মানসিকতা কাজ করলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, নেতাকর্মীদের কোনো আচরণে জনগণ যেন অসন্তুষ্ট না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। সভায় তিনি সবাইকে কঠোরভাবে দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেন।

আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন এই নির্বাচনে সব জায়গায় একজন একক প্রার্থী নিশ্চিত করতে হবে। এর আগে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। দলীয় ঐক্য বজায় রেখে জনগণের পাশে থাকাই এখনকার মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়াও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ জিকে গৌছসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।