রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ গ্রহণ

জাতীয় ডেস্ক

মে ৩, ২০২৬, ০৯:৩৯ এএম

আজ সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় ইতিমধ্যে এই অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। হাইকোর্টের নির্দেশের পর তাঁর এই প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

তথ্য অনুযায়ী, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। এরপর প্রার্থিতা ফিরে পেতে গত ২৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন তিনি। 

শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।আদালতের সেই আদেশের প্রেক্ষিতেই এখন তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, সরকারি চাকরি-সংক্রান্ত জটিলতা থাকার কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ রাতের শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার। শপথ অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট এমপিরা সংসদীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করবেন। এই শপথের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা পূর্ণাঙ্গভাবে তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন।